প্রয়াত শিক্ষাবিদ, সাংবাদিক, সাহিত্যিক ও নাট্যকার অধ্যাপক মো. শাহ আলম (জাহাঙ্গীর)-এর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে দোয়া মাহফিল ও শোকসভা। আবেগঘন এই আয়োজনে তাঁর সহকর্মী, প্রাক্তন শিক্ষার্থী, শুভানুধ্যায়ী এবং পরিবারের সদস্যরা অংশ নিয়ে তাঁর কর্মময় জীবনের নানা স্মৃতি তুলে ধরেন।
শুক্রবার (১০ জুলাই) বিকেল সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন সংলগ্ন আরসি মজুমদার অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করে ঢাকাস্থ অধ্যাপক আবদুল মজিদ কলেজ প্রাক্তন ছাত্র-ছাত্রী কল্যাণ পরিষদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আবদুল মজিদ কলেজের অধ্যক্ষ ফেরদৌস আহমদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরহুম শাহ আলম জাহাঙ্গীরের সহধর্মিণী, হাবিবুল্লাহ বাহার কলেজের অধ্যক্ষ ও অধ্যাপক আবদুল মজিদ কলেজের সাবেক প্রভাষক ফেরদৌস হাসান, কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মশিউর রহমান এবং কলেজের প্রতিষ্ঠাতা ও সাবেক অধ্যক্ষ অধ্যাপক আব্দুল মজিদের জ্যেষ্ঠ কন্যা নাসরীন ফারহানা পপি।
শোকসভার সভাপতিত্ব করেন অধ্যাপক আবদুল মজিদ কলেজের প্রথম ব্যাচ (১৯৯৭)-এর শিক্ষার্থী, ঢাকাস্থ প্রাক্তন ছাত্র-ছাত্রী কল্যাণ পরিষদের সভাপতি এবং ভূমি মন্ত্রণালয়ের উপসচিব আবদুল্লাহ আল মাহমুদ জামান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক ও ২০০৫ ব্যাচের শিক্ষার্থী, এপিবিএন ঢাকার সহকারী উপ-পুলিশ পরিদর্শক মো. নজরুল ইসলাম।
অনুষ্ঠানে বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন রবি আজিয়াটা পিএলসির রিজিওনাল হেড শাহজালাল, গ্লোবাল বায়োটেকের ড. মহিউদ্দিন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব রহিমা আক্তার, উপজেলা শিক্ষা কর্মকর্তা নাসরিন সুলতানা, দুর্নীতি দমন কমিশনের এডি নুরুল ইসলাম, ট্যাক্স বিভাগের ইন্সপেক্টর মো. কামরুল হাসান, ব্যবসায়ী মো. মাইনউদ্দিন, রয়েল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক মো. হালিমুজ্জামানসহ ১৯৯৭ থেকে ২০২৫ ব্যাচের প্রায় শতাধিক প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী।
এছাড়াও অনুষ্ঠানে মরহুম অধ্যাপক শাহ আলম জাহাঙ্গীরের স্ত্রী, সন্তান এবং নিকট আত্মীয়রা উপস্থিত ছিলেন।
স্মৃতিচারণ পর্বে বক্তারা বলেন, অধ্যাপক শাহ আলম জাহাঙ্গীর শুধু একজন দক্ষ শিক্ষকই ছিলেন না, তিনি ছিলেন শিক্ষার্থীদের অত্যন্ত আপনজন। শিক্ষকতার পাশাপাশি সাংবাদিকতা, সাহিত্যচর্চা ও নাট্যরচনায়ও তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তাঁর সততা, মানবিকতা, প্রজ্ঞা এবং শিক্ষার্থীদের প্রতি আন্তরিক ভালোবাসা তাঁকে সবার হৃদয়ে আজীবন স্মরণীয় করে রাখবে।
শেষে মরহুম অধ্যাপক শাহ আলম জাহাঙ্গীরের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া শেষে উপস্থিত সবাই তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর আদর্শ ও অবদান ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।