কৃষি উৎপাদন বৃদ্ধি এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তায় নরসিংদী সদর উপজেলায় সরকারি কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এর আওতায় কৃষকদের মাঝে উন্নতমানের বীজ, চারা ও বিভিন্ন ধরনের রাসায়নিক সার বিতরণ করা হয়।
সোমবার দুপুরে নরসিংদী সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া। তিনি উপকারভোগী কৃষকদের হাতে সরকারি কৃষি উপকরণ তুলে দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
২০২৫-২৬ অর্থবছরের খরিপ-১ বা রোপা আমন মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য সরকারের প্রণোদনা সহায়তা কর্মসূচির অংশ হিসেবে এই বীজ, চারা ও সার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া বলেন, কৃষিই দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। কৃষকদের উৎপাদন ব্যয় কমিয়ে অধিক ফলন নিশ্চিত করতে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন ধরনের প্রণোদনা ও সহায়তা দিয়ে যাচ্ছে। তিনি কৃষকদের আধুনিক ও প্রযুক্তিনির্ভর চাষাবাদে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, সরকারের দেওয়া প্রতিটি প্রণোদনা যেন প্রকৃত কৃষকের হাতে পৌঁছায়, তা নিশ্চিত করতে জেলা প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। কারণ কৃষক সমৃদ্ধ হলে দেশও সমৃদ্ধ হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. নুরুল কবির এবং নরসিংদী সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আজিজুল হক।
নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় কৃষি কর্মকর্তাসহ উপকারভোগী কৃষকরা অংশ নেন।
বক্তারা আশা প্রকাশ করেন, সরকারের এই সময়োপযোগী উদ্যোগ কৃষি উৎপাদন বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং কৃষকদের আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।